এসি-স্লিপার বাসে গোপন চেম্বার, কক্সবাজারে নতুন কৌশলে ইয়াবা পাচার

Ukhiyacox News
By -
ডেস্ক রিপোর্ট :: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে ইয়াবা পাচারে একের পর এক নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। আগে মাছের ট্রাক, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা হলেও বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটের বিলাসবহুল এসি ও স্লিপার বাসকে পাচারের বাহন হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক কয়েকটি অভিযানে বাসের সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। একই সঙ্গে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে চলাচলকারী ভাড়ায় চালিত ব্যক্তিগত গাড়ির গ্যাস সিলিন্ডারের ভেতরেও ইয়াবা লুকিয়ে পাচারের ঘটনা ধরা পড়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, মাদক কারবারিরা নিয়মিত তাদের কৌশল পরিবর্তন করছে। সন্দেহ এড়াতে অনেক ক্ষেত্রে টেকনাফ থেকে সরাসরি ইয়াবা বাসে না তুলে মাঝপথের বিভিন্ন স্থান থেকে চালানে মাদক তোলা হচ্ছে। সাম্প্রতিক অভিযানের মধ্যে গত ১০ জুলাই কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসে তল্লাশি চালিয়ে ৪ ও ৫ নম্বর স্লিপার সিটের নিচে তৈরি গোপন চেম্বার থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাসের হেলপারকে গ্রেপ্তার করা হলেও চালক পালিয়ে যান। এরপর গত ১৯ জুলাই রাতে রামুর জোয়ারিয়ানালায় ঢাকাগামী একটি এসি বাসে অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে মেরিন ড্রাইভ সড়কে একটি ভাড়ায় চালিত প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষভাবে লুকানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া গত ৩ আগস্ট চট্টগ্রামের বাকলিয়া এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া একটি হানিফ প্লাস বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব-৭। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের পরিবহনসংশ্লিষ্টদের দাবি, ঢাকা-কক্সবাজার-টেকনাফ রুটে নামে-বেনামে চলাচলকারী কিছু বিলাসবহুল এসি বাসকে মাদক পাচারে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে যেসব বাস অস্বাভাবিক কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে এবং যাত্রীসংখ্যা তুলনামূলক কম, সেগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মাদক পাচারের নতুন কৌশল শনাক্ত করে সংশ্লিষ্ট যানবাহনে নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হচ্ছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !