উখিয়ায় কলেজছাত্র মোহাম্মদ হানিফের মরদেহ উদ্ধার

Ukhiyacox News
By -
উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ হানিফ ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং সম্প্রতি উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শেষ করেছেন। স্বজনদের বরাতে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে পরিবারের সদস্যরা হানিফকে তার নিজ কক্ষে খাটের ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় রশি প্যাঁচানো অবস্থায় ছিল বলে পরিবারের সদস্যরা জানান। পরে দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে হানিফকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার গলায় রশির দাগ পাওয়া গেছে বলে জানা গেছে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, প্রেমঘটিত কোনো বিষয়কে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং তার মৃত্যুর প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহালসহ ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে। উখিয়া থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্তের পর হানিফের মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !