উচ্ছেদের পরও থামেনি দখল, কুতুপালং বাজারে ফের স্থাপনা নির্মাণের ধুম
By -
সেপ্টেম্বর ০৯, ২০২৬
নিজস্ব প্রতিনিধি ::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে উচ্ছেদের পর আবারও দখলের অভিযোগ উঠেছে। কয়েক মাস আগে প্রশাসনের অভিযানে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও বর্তমানে সেই জায়গার কিছু অংশে নতুন করে স্থায়ী দোকান ও কাঠামো নির্মাণের কাজ চলছে।
স্থানীয়দের অভিযোগ, এসব স্থাপনা নির্মাণের নেপথ্যে রয়েছে একটি প্রভাবশালী মহল। নির্মাণ শেষে দোকানগুলো বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হচ্ছে এবং নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
গত ২৭ এপ্রিল যানজট নিরসনে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উখিয়া উপজেলা প্রশাসন। এ সময় ফুটপাথ দখলসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করা হয়।
উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলেও কয়েক মাসের ব্যবধানে ফের স্থাপনা নির্মাণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, সরকারি বা সড়কের জায়গায় কারা স্থাপনা নির্মাণ করছে, কারা ভাড়া আদায় করছে এবং এর পেছনে কোনো প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

