মিয়ানমারে দ্বিগুণ দামে বিক্রি, কক্সবাজারে ফের সক্রিয় সার পাচারকারীরা
By -
সেপ্টেম্বর ০৯, ২০২৬
ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে ফের সার পাচার শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে বিজিবি ও কোস্টগার্ডের অভিযানে বেশ কয়েকটি চালান জব্দের ঘটনায় সীমান্তের কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সারের সংকট তৈরি হয়েছে। সেখানে ইউরিয়া সার বেশি দামে বিক্রি হওয়ায় বাংলাদেশের চোরাকারবারীরা পাচারে সক্রিয় হয়ে উঠেছে। গত ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত টেকনাফ, উখিয়া ও ঘুমধুম সীমান্তে কয়েক দফা অভিযানে শত শত বস্তা ইউরিয়া ও টিএসপি সার জব্দ করেছে বিজিবি।
এছাড়া চট্টগ্রামের হালিশহর, পতেঙ্গা, ভাটিয়ারী, কুতুবদিয়া ও মহেশখালী এলাকা থেকেও সাগরপথে মিয়ানমারে সার পাচারের সময় কোস্টগার্ড একাধিক চালান আটক করেছে।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সার পাচার রোধে সীমান্তে নজরদারি ও ডিলার পর্যায়ে মনিটরিং বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় পাচার শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা চলছে।
কোস্টগার্ড জানিয়েছে, সারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলামও সার বিতরণে স্বচ্ছতা, মনিটরিং ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

