কক্সবাজারে ইয়াবা নিয়ে মা-মেয়ে গ্রেফতার
By -
সেপ্টেম্বর ২৬, ২০২৬
ডেস্ক রিপোর্ট ::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়। এ সময় ইয়াবাসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলকারী মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের একটি দল বাসটিতে অভিযান চালায়। এ সময় যাত্রীর ছদ্মবেশে থাকা মা ও মেয়ের ট্রাভেল ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবাগুলো জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মুড়াপাড়া এলাকার খালেদা আক্তার (৩৫) এবং তার মেয়ে হুমাইরা আক্তার (১৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র আরও জানায়, গ্রেপ্তারের আগে মা-মেয়ে কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার একটি ভবনের পঞ্চম তলায় বসবাস করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীর ছদ্মবেশে থাকা মা-মেয়ের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার মা-মেয়েকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

