নতুন মুখ, নতুন স্বপ্ন—উখিয়া কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণ

Ukhiyacox News
By -
ওসমান সরওয়ার, উখিয়া (কক্সবাজার) নতুন মুখ, নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা—শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে পা রাখল একাদশ শ্রেণির শিক্ষার্থীরা। আনন্দ-উচ্ছ্বাস আর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কক্সবাজারের উখিয়া কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় উখিয়া কলেজ পরিবার। নতুন শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ হলরুমে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোকতার আহমেদ। সভাপতিত্ব করেন উখিয়া কলেজের অধ্যক্ষ শাহ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোকতার আহমেদ নবাগত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, নিয়মিত অনুশীলন, সময়ের সঠিক ব্যবহার এবং নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহ আলম নবাগত শিক্ষার্থীদের উখিয়া কলেজে স্বাগত জানিয়ে বলেন, কলেজজীবন ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করা, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশে মনোযোগী হতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল আলম চৌধুরী ইসলামিক স্টাডিস সহকারী অধ্যাপক জলিল আহমেদ এবং সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামরুন্নাহার কাজল,বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মং ছেন হেন। তাঁরা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জালাল আহমদ, ইসলামের ইতিহাসে বিভাগের বিভাগীয় প্রধান নুর হোসাইন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অলক দাশ, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আবু তাহের, অর্থনীতি বিভাগের প্রভাষক নুরুল মাসুদ ভূঁইয়া, অর্থনীতি বিভাগের প্রভাষক মোজাম্মেল হক, বাংলা বিভাগের প্রভাষক জেসমিন আখতার, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আমানত উল্লাহ সাকিব, কাজী হিরো এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জালাল উদ্দিনসহ কলেজের অন্যান্য শিক্ষক। বক্তারা বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। কলেজের এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। তারা নতুন শিক্ষাজীবন নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করে নিয়মিত পড়াশোনা, ভালো ফলাফল এবং উখিয়া কলেজের সুনাম ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে। একজন নবাগত শিক্ষার্থী বলেন, “উখিয়া কলেজে নতুন শিক্ষাজীবন শুরু করতে পেরে আমরা আনন্দিত। শিক্ষকদের দিকনির্দেশনা নিয়ে নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল করতে চাই।” অন্য এক শিক্ষার্থী বলেন, “কলেজজীবনকে শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাই।” অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি তাদের কলেজের নিয়ম-কানুন, পাঠদান পদ্ধতি ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। শিক্ষকরা নতুন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন এবং তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় কলেজের শিক্ষক, একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবাগতদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে উখিয়া কলেজে তাদের উচ্চশিক্ষার পথে নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !