কক্সবাজার বিমানবন্দরে নতুন যুগের সূচনা, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট
By -
সেপ্টেম্বর ২৮, ২০২৬
মোহাম্মদ আকতার উদ্দিন ফারুকী
কক্সবাজার ::
আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই পরীক্ষামূলকভাবে চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল ভবন। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল থেকে আধুনিক সুবিধাসম্বলিত এই টার্মিনাল ব্যবহার করে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করা হয়েছে।
সকাল ৮টা ৫০ মিনিটে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে উড্ডয়নের মাধ্যমে নতুন এই ভবনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সূচনা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ রুটের যাত্রীদের বিশ্বমানের সেবা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ। নবনির্মিত ১৮ হাজার বর্গমিটারের ১৮৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালে রয়েছে ১৪টি আধুনিক চেক-ইন কাউন্টার, প্রশস্ত বোর্ডিং লাউঞ্জ এবং দ্রুত সেবা নিশ্চিত করতে আধুনিক ব্যাগেজ বেল্ট ব্যবস্থা। প্রথম দিনের যাত্রীরা নতুন টার্মিনালের আধুনিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন।
অক্টোবরেই শুরু আন্তর্জাতিক ফ্লাইট
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী অক্টোবর মাসেই টার্মিনাল ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করা হবে। উদ্বোধনের পরপরই নতুন এই টার্মিনাল থেকে শুরু হবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল।
বিমানবন্দরটির রানওয়ে সমুদ্রের বুক চিরে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করার কাজ সম্পন্ন হওয়ায় বোয়িং ৭৭৭-এর মতো সুপরিসর ও বিশালাকার উড়োজাহাজও এখন এখানে খুব সহজেই ওঠানামা করতে পারবে। এর মাধ্যমে দেশের পর্যটন রাজধানী হিসেবে পরিচিত কক্সবাজার সরাসরি যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান যোগাযোগ ব্যবস্থার সঙ্গে, যা বিদেশি পর্যটক আকর্ষণ ও স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

