ঈদগাঁও বাজারে দ্বিতীয় দিনেও অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত

Ukhiyacox News
By -
মোহাম্মদ আকতার উদ্দিন ফারুকী কক্সবাজার :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রাণকেন্দ্র ঈদগাঁও বাজারে যানজট মুক্ত ও সাধারণ মানুষের চলাচল সুগম করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ​বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচি নু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাজারের ফুটপাত ও সরকারি জায়গা দখল করে থাকা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে এ পদক্ষেপ নেওয়া হয়। ​অভিযান পরিচালনায় ইউএনও-কে সার্বিক সহযোগিতা করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও ঈদগাঁও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। ​উচ্ছেদ অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচি নু মারমা জানান, ঈদগাঁও বাজারকে সুশৃঙ্খল, যানজটমুক্ত ও সাধারণ ক্রেতাদের চলাচলের উপযোগী করতে এ অভিযান শুরু হয়েছে। বাজারের সরকারি জায়গা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ প্রশাসনিক তৎপরতা অব্যাহত থাকবে। ​এদিকে দীর্ঘদিন পর ঈদগাঁও বাজারে এমন দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা। সুশৃঙ্খল বাজার গঠনে এমন সাহসী ও গণমুখী উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঈদগাঁওবাসী।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !