উখিয়া-টেকনাফে বিজিবির ধারাবাহিক অভিযান, ২ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার 7 ​

Ukhiyacox News
By -
আর.জে রাফি, উখিয়া :: কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পৃথক অভিযানে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। পাশাপাশি ইয়াবা পাচারে ব্যবহৃত একটি পর্যটকবাহী চাঁন্দের গাড়ি ও একটি নৌকা জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাতে উখিয়ার সীমান্তবর্তী আঞ্জুমানপাড়ার ফাইসা খাল এলাকায় অভিযান চালিয়ে জেলের ছদ্মবেশে থাকা মো. ইমরান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক করে পালংখালী বিওপির টহলদল। এর আগে খারাংখালী বিওপির সদস্যরা বিএসপি পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। অন্যদিকে, পূর্ব ক্যারেঙ্গাঘোনা এলাকায় বিজিবির চ্যালেঞ্জের মুখে এক পাচারকারী নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে লুকানো ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নৌকাটিও জব্দ করা হয়। এছাড়া শীলখালী চেকপোস্টে বিজিবির স্নাইপার ডগ ‘হেনরি’র সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী চাঁন্দের গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির স্টিয়ারিংয়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় গাড়ির চালক মো. ওমর ফারুককে আটক করে গাড়িটি জব্দ করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য ও মাদক পাচার রোধে বিজিবির তৎপরতা ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !