ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে তিন বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। আটক জেলেরা হলেন—জসিম উদ্দিন (৩০), মোহাম্মদ ইসমাইল (২৭) এবং একজন কিশোর।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ইতিপূর্বে একই এলাকা থেকে আরও ২০-২৫ জন জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে, যার ফলে বর্তমানে সাধারণ জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং অপহৃতদের ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

