নিজস্ব প্রতিবেদক ::
উখিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজারের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান সড়কে দেওয়া ডিভাইডারটি কয়েকদিন ধরে ভাঙা বা কেটে ফেলার চেষ্টা চলছে।
আজ বিষয়টি আরও উদ্বেগজনকভাবে চোখে পড়ল। ড্রিল মেশিনের মাধ্যমে ডিভাইডারের একটি নির্দিষ্ট অংশে চিহ্ন দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে শোনা যাচ্ছে, আজ রাতেই চিহ্নিত পুরো অংশটি ভেঙে ফেলা হতে পারে।
প্রশ্ন হলো—কয়েকদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও বিষয়টি কারও নজরে এলো না কেন?
বাজার ব্যবস্থাপনায় দায়িত্বে থাকা সংগঠন বা ব্যক্তিবর্গের নজরে পড়ল না? সংশ্লিষ্ট প্রশাসনের কেউ জানলেন না? আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্য কিংবা বাজার পাহারাদারের চোখেও পড়ল না?
কোর্টবাজরের মতো গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক স্টেশনে জনসাধারণের চলাচল, যানজট নিয়ন্ত্রণ ও সড়ক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা এভাবে ইচ্ছেমতো ভাঙা বা পরিবর্তন করার সুযোগ কীভাবে তৈরি হলো—সেটিই এখন বড় প্রশ্ন।
দুঃখজনক হলেও সত্য, জনগণের স্বার্থসংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বশীলদের যতটা তৎপর থাকার কথা, বাস্তবে তার প্রতিফলন অনেক সময় দেখা যায় না। বরং জনগণের কল্যাণমুখী কাজের চেয়ে বিশেষ ব্যক্তি ও মহলের মনোরঞ্জন বা ‘তৈলমর্দনে’ ব্যস্ত থাকার অভিযোগই বেশি শোনা যায়।
অথচ এসব দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার অর্থ আসে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা থেকে।
তাই কোর্টবাজারের ডিভাইডার ভাঙার বিষয়টি দ্রুত খতিয়ে দেখা প্রয়োজন। কারা, কী উদ্দেশ্যে এবং কোন অনুমতি বা কর্তৃত্ববলে এটি ভাঙার উদ্যোগ নিয়েছে—তা জনসম্মুখে পরিষ্কার করা উচিত।
জনগণের সম্পদ ও জনস্বার্থের অবকাঠামো রক্ষার দায়িত্ব সবার। দায়িত্বশীলদের নীরবতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

