কক্সবাজার শহরে অভিযান চালিয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. কালু (২৭)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের শহীদ মিনার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ জানায়, হত্যাচেষ্টা, ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি কালু শহীদ মিনার রোড এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত কালু কক্সবাজার সদর উপজেলার ফদনার ডেইল (সমিতিপাড়া) এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে।
র্যাবের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথি পর্যালোচনায় কালুর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

