আর.জে রাফি, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট আউটলেটে জমা রাখা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। শনিবার (২২ আগস্ট) বিকেলে পালংখালী স্টেশন চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন। প্রতিবাদের প্রতীক হিসেবে অনেকে কাফনের কাপড় পরেও কর্মসূচিতে অংশ নেন।
গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা তুলতে গিয়ে নানা অজুহাতে হয়রানির শিকার হয়েছেন। পরে হিসাব যাচাই করে অনেকেই দেখতে পান, জমা করা টাকার বড় অংশ হিসাবে নেই। তাঁদের দাবি, ওই আউটলেটের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
এ ঘটনায় আউটলেট মালিক হাকিম উদ্দিন (৬৮) ও ক্যাশিয়ার তাহসিন ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে উখিয়া থানা-পুলিশ। মামলায় মোট নয়জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত তাঁদের কষ্টার্জিত টাকা ফেরত এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

