টেকনাফের অপহরণ, মাদক ও মানবপাচার দমনে জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি

Ukhiyacox News
By -

টেকনাফ প্রতিনিধি ::

টেকনাফ ও উখিয়া উপজেলায় অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক চোরাচালান ও মানবপাচার দমনে জরুরি রাষ্ট্রীয় পদক্ষেপের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামস্থ টেকনাফ সমিতি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি পাঠানো হয়। এতে পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, কক্সবাজারের টেকনাফ-উখিয়া বর্তমানে দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ সীমান্তাঞ্চলে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক চোরাচালান, রোহিঙ্গা সমস্যা, মানবপাচার, অস্ত্রধারী সন্ত্রাস ও সীমান্তকেন্দ্রিক সংঘবদ্ধ অপরাধ সাধারণ মানুষের জীবনকে চরম অনিরাপত্তার মধ্যে ঠেলে দিয়েছে।

নারী-শিশু, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ কেউই নিরাপদ নন দাবি করে স্মারকলিপিতে বলা হয়, অনেক পরিবার মুক্তিপণ দিয়ে স্বজনদের ফিরিয়ে আনছে, আবার অনেকে স্বজনের মরদেহ ফিরে পাচ্ছে। এমন পরিস্থিতি কোনোভাবেই আইনের শাসনভিত্তিক রাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, সীমান্ত দিয়ে মাদক ও মানবপাচার, দুর্গম পাহাড়ে সশস্ত্র অপরাধ, মুক্তিপণের জন্য হত্যাকাণ্ড এবং পাহাড় থেকে একাধিক মরদেহ উদ্ধারের মতো ঘটনাও ঘটছে। এসব ঘটনা স্থানীয় জননিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিচ্ছিন্ন অভিযান পরিচালিত হলেও স্থায়ী ও কার্যকর সমাধান এখনও নিশ্চিত হয়নি।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো

১. টেকনাফ-উখিয়া উপজেলাকে বিশেষ অপরাধপ্রবণ অঞ্চল ঘোষণা করে সমন্বিত ও স্থায়ী নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা।

২. অপহরণ, মাদক, মানবপাচার ও অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশসহ সংশ্লিষ্ট সব বাহিনীর সমন্বয়ে নিয়মিত লক্ষ্যভিত্তিক যৌথ অভিযান পরিচালনা করা।

৩. দুর্গম পাহাড়, সীমান্ত, নাফ নদী ও সাগরপথে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করা। একই সঙ্গে ড্রোন, নাইট ভিশন ক্যামেরা ও সিসিটিভিসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় স্থায়ী নিরাপত্তা চৌকি ও সেনা ক্যাম্প স্থাপন করা।

৪. অপহরণ ও মুক্তিপণ আদায়, মাদক ও মানবপাচারসংক্রান্ত মামলার দ্রুত তদন্ত, অভিযোগপত্র দাখিল, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পৃথক আদালত বা বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন করা।

৫. সীমান্ত অপরাধ দমনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ টেকনাফ সমিতির সভাপতি মুখতার আহমদ, সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল আলম, সাধারণ সম্পাদক রফিক উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ শামসুল ইসলাম, রাখাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মং হলা সিং, সিআইপি এ. এম. জিয়াবুল, কবি আলী প্রয়াস, নুরুল আবছারসহ অনেকে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !