টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি, ১০ জন উদ্ধার

Ukhiyacox News
By -


টেকনাফ প্রতিনিধি ::

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ জনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন বাংলাদেশি পুরুষ ও নারীকে প্রলোভন দেখিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় জড়ো করেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে নাইট্যংপাড়ার পিএইচপি বরফ মিলের পাশে জনৈক হাবিবুল্লাহর বাড়ির সামনের এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে আব্দুল আমিন (২২) নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম নূর মোহাম্মদ এবং মাতা মৃত রাজিয়া বেগম।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আব্দুল আমিন জানান, তিনি ও তার পলাতক সহযোগীরা পরস্পর যোগসাজশে উদ্ধার করা ১০ জনকে বাংলাদেশ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে নিয়ে এসেছিলেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মানবপাচারের শিকার ১০ জনকে নিরাপদে উদ্ধার করে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়। উদ্ধার করা ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল।

পরে উদ্ধার করা ১০ জন এবং গ্রেপ্তার আব্দুল আমিনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মানবপাচারের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কোনো তথ্য বা মানবপাচার সংক্রান্ত কর্মকাণ্ডের খবর পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !