আর.জে রাফি, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া উপজেলার উত্তর পুকুরিয়া এলাকায় ব্যাটারিচালিত টমটমে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছেন কয়েকজন শিক্ষার্থী।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ও এলাকার বাসিন্দা ওমর ফারুক, উখিয়া কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দীন এবং মূছা। তারা এলাকাবাসীর পক্ষ থেকে নির্ধারিত ভাড়া কার্যকর, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রী হয়রানি রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আবেদনে বলা হয়, উত্তর পুকুরিয়া রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। যাত্রীরা নির্ধারিত ভাড়া দিতে চাইলে তাদের সঙ্গে অশোভন আচরণেরও অভিযোগ রয়েছে।
এদিকে, উখিয়াকক্স নিউজে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর পার্কিংয়ে থাকা টমটমচালকদের বিরুদ্ধে যাত্রীদের উদ্দেশে আপত্তিকর ভাষায় গালাগালি ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি তদন্ত করে নির্ধারিত ভাড়া কার্যকর এবং যাত্রী হয়রানি বন্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

