আর.জে রাফি, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া উপজেলার উত্তর পুকুরিয়া এলাকায় ব্যাটারিচালিত টমটমে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন দিয়েছেন এলাকাবাসী।
আবেদনে উল্লেখ করা হয়, অন্যান্য রুটে ১০ টাকা ভাড়া থাকলেও উত্তর পুকুরিয়ার যাত্রীদের কাছ থেকে ১৫ টাকা এবং পরবর্তীতে নির্ধারিত ১৫ টাকার পরিবর্তে অনেক চালক ২০ টাকা ভাড়া দাবি করছেন।
নির্ধারিত ভাড়া দিতে চাইলে যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও দুর্ব্যবহারের অভিযোগও করা হয়েছে। এতে শিক্ষার্থী, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ও এলাকার বাসিন্দা ওমর ফারুক, উখিয়া কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দীন, মোহাম্মদ সাইফুল রামু সরকারি কলেজের শিক্ষথী এবং মূছা।
আবেদনে টমটমের নির্ধারিত ভাড়া কার্যকর, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

