ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
বুধবার রাত ২টা ৪৫ মিনিট থেকে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু করা হয়। প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ১০০ এমএমএসসিএফডি হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশি ও বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় মহেশখালীর হোয়ানক ইউনিয়ন উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরের ভাসমান টার্মিনালের ত্রুটি মেরামত করা হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এলএনজি কার্গো সফলভাবে আনলোড করা গেলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ বাড়িয়ে দৈনিক ২৫০ থেকে ৩০০ এমএমএসসিএফডি পর্যন্ত উন্নীত করা সম্ভব হবে।
এর আগে গত ২১ জুলাই গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ১৬ দিন পর পুনরায় সরবরাহ চালু হলো।

