রিদুয়ান করিম শাহিন কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় মাদ্রাসাপড়ুয়া দুই শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। নিখোঁজের প্রায় এক মাস পর পরিবারের কাছে ফোন করে তাদের মুক্তির বিনিময়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একটি চক্র।
নিখোঁজ দুই শিশু হলো—উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার বাসিন্দা শাহা আলমের ছেলে শহিদুল ইসলাম (১৩) ও শফিকুল ইসলাম (১১)। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে দুই ভাই নিজ বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে একই দিন উখিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন তাদের বাবা শাহা আলম।
এরপর প্রায় এক মাস ধরে নিখোঁজ দুই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ গত ৬ আগস্ট রাত ১১টা ৫৮ মিনিটের দিকে শাহা আলমের মোবাইল ফোনে কল করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দুই শিশুর মুক্তির জন্য ৪ লাখ টাকা দাবি করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার পর থেকে নিখোঁজ দুই শিশুর পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের দাবি, তাদের সন্তানদের দ্রুত উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে দিতে হবে।
এ বিষয়ে উখিয়া থানায় করা নিখোঁজ ডায়েরির সূত্র ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
বালুখালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ আজাদ বলেন, নিখোঁজ দুই শিশুর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে। এছাড়া পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

