নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন যুবদল সাংগঠনিক উত্তর শাখার নবগঠিত ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠনের মাত্র দুই দিনের মাথায় স্থগিত করা হয়েছে। বিভিন্ন মহলের অভিযোগ ও বিতর্কের মুখে জেলা যুবদল এই সিদ্ধান্ত নেয়।
৩০ জুলাই কক্সবাজার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্ততে বলা হয়, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিনের আবেদনের প্রেক্ষিতে গত ২৮ জুলাই ২০২৬ তারিখে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। তবে কমিটি প্রকাশের পরপরই দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সদস্যের বিরুদ্ধে উখিয়া নিউজ টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং বিভিন্ন মহল থেকে উত্থাপিত অভিযোগ জেলা যুবদলের নজরে আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা যুবদল বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে।
সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি সমুন্নত রাখা এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে তদন্ত পরিচালনা করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক জিসান উদ্দিন এই স্থগিতাদেশ অনুমোদন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

