কুতুবদিয়ার লাইটহাউস পর্যটন স্পট বন্ধের নির্দেশ

Ukhiyacox News
By -


 

সাইদুল ইসলাম, কক্সবাজার ::

কক্সবাজারের কুতুবদিয়ায় ঐতিহাসিক বাতিঘরসংলগ্ন লাইটহাউস পর্যটন স্পট বন্ধের নির্দেশ দিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। নেভিগেশন বা সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও এলাকাবাসী।

জানা গেছে, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত বছরের ডিসেম্বরে লাইটহাউসসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘লাইটহাউস পর্যটন স্পট’ চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পর্যটকদের আকৃষ্ট করতে সেখানে শিশুদের জন্য বিভিন্ন রাইড, আলোকসজ্জা, বসার ব্যবস্থা, ভ্রমণতরি এবং ছোট ছোট দোকান স্থাপন করা হয়।

স্থানীয়দের দাবি, কুতুবদিয়ার ঐতিহাসিক বাতিঘর দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসেন। পাশাপাশি শাহ আব্দুল মালেক মহিউদ্দিন আল কুতুবী (রহ.)–এর মাজারে আগত হাজারো ভক্তও লাইটহাউস এলাকা ঘুরে দেখেন। পর্যটন স্পট চালুর পর স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়েছিল।

বাতিঘরসংলগ্ন দোকানদার নুরুল ইসলাম ও মো. আকিল জানান, পর্যটন স্পট চালু হওয়ার পর তাদের আয়-রোজগারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছিল। এখন এটি বন্ধ হয়ে গেলে পর্যটকের সংখ্যা কমে যাবে এবং ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ এরশাদ বলেন, কুতুবদিয়ার বাতিঘর একটি ঐতিহাসিক ও পর্যটন সম্ভাবনাময় স্থাপনা। সংরক্ষিত এলাকার বাইরে সৌন্দর্যবর্ধন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের উদ্যোগ ছিল প্রশংসনীয়। তবে নেভিগেশনের কারণ দেখিয়ে পুরো পর্যটন কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে তারা হতাশ।

লাইটহাউস পর্যটন স্পটের উদ্যোক্তা ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, পর্যটকদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, শিশুদের বিনোদনের উপকরণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

তিনি আরও জানান, পর্যটন স্পট উদ্বোধনের আগে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং নৌপরিবহন অধিদপ্তরকে লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়েছিল। তবে প্রায় ছয় মাস পর নেভিগেশন নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে লাইটহাউসের সামনে কোনো ধরনের পর্যটন কার্যক্রম পরিচালনা না করার নির্দেশনা আসে। বিষয়টিকে তিনি পরিকল্পিত বলেও দাবি করেন।

এদিকে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, নেভিগেশন সমস্যার বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পর্যটন স্পট বন্ধের নির্দেশনা এসেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং সম্ভাব্য সমাধানের পথ খোঁজা হবে।

স্থানীয়দের আশা, নেভিগেশন নিরাপত্তা নিশ্চিত রেখে ঐতিহাসিক লাইটহাউসকে কেন্দ্র করে পর্যটন কার্যক্রম পরিচালনার একটি গ্রহণযোগ্য সমাধান বের করা হবে, যাতে পর্যটন বিকাশের পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডও সচল থাকে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !