রামু-পেকুয়ায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক মানুষ

Ukhiyacox News
By -


 


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের যৌথ উদ্যোগে কক্সবাজারের পেকুয়া ও রামু উপজেলায় দুই দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ জুলাই আয়োজিত এ ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির প্রথম দিন পেকুয়া ইউনিয়নের পূর্ব মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মানবিক সংগঠন ‘শেখর’-এর স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা করেন। দ্বিতীয় দিন রামু উপজেলার রাজারকুল এলাকার আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ক্যাম্পের আয়োজন করা হয়। উদ্বোধন করেন মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহসিন শরীফ।


উদ্বোধনী বক্তব্যে মাওলানা মুহসিন শরীফ বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সমাজের সেবামূলক কাজে আলেম-ওলামাসহ সকল শ্রেণি-পেশার মানুষের আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত।
সকাল থেকেই চিকিৎসাপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়ে ক্যাম্প প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।


দুই দিনের এ ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা পিজি হাসপাতালের ডা. এম শিহাব উদ্দিন এবং মিটফোর্ড মেডিকেল কলেজের ডা. শরীফ মো. আল আমিন রেজা। এছাড়া ডায়াবেটিস পরীক্ষা, উচ্চতা-ওজন পরিমাপ, ওষুধ বিতরণ এবং ক্যাম্প পরিচালনায় একদল আলেম, স্বেচ্ছাসেবক ও সংগঠক দায়িত্ব পালন করেন।
দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের চেয়ারম্যান মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস বলেন, বন্যাদুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জনসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !