ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের আলোচিত মোহাম্মদ আলী (৩৫) হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি রবিউল হাসান (২৮)কে ফেনী জেলার মহিপাল এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১৫, কক্সবাজার এবং র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গত ৭ জুলাই সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার পাহাড়তলী মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলীকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরে নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে র্যাব-১৫ ও র্যাব-৭ যৌথভাবে ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি রবিউল হাসান ফেনী জেলার মহিপাল এলাকায় আত্মগোপনে রয়েছেন।
এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ফেনী সদর থানার মহিপাল বাস কাউন্টার এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল কক্সবাজারের দক্ষিণ পাহাড়তলী মৌলভীপাড়া এলাকার নজির আহমদ নজিরার ছেলে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

