আর.জে রাফি, (নিজস্ব প্রতিবেদক) ::
কক্সবাজার উপকূলে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের মধ্যেও জীবিকার তাগিদে গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন জেলেরা। নানা ঝুঁকি মোকাবিলা করে ফিরে আসা ট্রলারগুলোতে এবার মিলছে প্রচুর লইট্টা মাছ, যা কয়েকদিনের মন্দার পর জেলেদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।
সম্প্রতি কক্সবাজারের সোনারপাড়া সৈকত ঘুরে দেখা যায়, গভীর সমুদ্র থেকে ফেরা ট্রলারগুলো থেকে ড্রামভর্তি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ নামানো হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধরা পড়েছে লইট্টা মাছ। সৈকতেই মাছ বাছাই করে পাইকারদের কাছে বিক্রি করছেন জেলেরা।
জেলেদের ভাষ্য, উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার কারণে জাল ফেলা ও টেনে তোলা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। প্রতিটি মাছ ধরার অভিযানে থাকছে বড় ধরনের ঝুঁকি। তারপরও জীবিকার প্রয়োজনে তারা সমুদ্রে যেতে বাধ্য হচ্ছেন।
তাদের দাবি, সব প্রতিকূলতা সত্ত্বেও কয়েকটি ট্রলার এবার ভালো পরিমাণ লইট্টা মাছ নিয়ে ফিরেছে। এতে বাজারে লইট্টা মাছের সরবরাহ কিছুটা বেড়েছে এবং জেলেরাও কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যাপ্ত মাছের সরবরাহ অব্যাহত থাকলে বাজারে লইট্টা মাছের দামও কিছুটা স্থিতিশীল থাকতে পারে। বর্তমানে কক্সবাজার উপকূলের বিভিন্ন মাছ ঘাটে লইট্টা মাছের কেনাবেচা জমে উঠেছে।

