নজরুল ইসলাম, টেকনাফ ::
কক্সবাজারের উখিয়া উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
সভায় উখিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নাধীন কর্মসূচির বর্তমান অবস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি উন্নয়ন কার্যক্রমে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উখিয়ার মানুষের জীবনমান উন্নয়নে যেসব উন্নয়ন প্রকল্প ও কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলোর সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, অর্জন, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় উখিয়ার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

