অপহরণ-মানবপাচার ঠেকাতে বাহারছড়ায় নতুন পুলিশ ফাঁড়ি, স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

Ukhiyacox News
By -


 

নজরুল ইসলাম, টেকনাফ ::

কক্সবাজারের টেকনাফ উপজেলার অপরাধপ্রবণ বাহারছড়া ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে প্রস্তাবিত নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফাঁড়ি নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান।

সোমবার (২৭ জুলাই) সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন অপরাধের বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাঈদ, উপজেলা প্রকৌশলী আলা উদ্দিন, প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, অভিনেতা ইলিয়াস কোবরা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাহারছড়া ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি ও উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণ, মানবপাচারসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। দুর্গম এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

সংশ্লিষ্টদের আশা, প্রস্তাবিত পুলিশ ফাঁড়িটি চালু হলে বাহারছড়ায় পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়বে। পাশাপাশি দুর্গম এলাকার বাসিন্দারা দ্রুত পুলিশি সেবা পাওয়ার সুযোগ পাবেন এবং অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও বাড়বে।

স্থান পরিদর্শন শেষে জেলা প্রশাসক আব্দুল মান্নান সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে পুলিশ ফাঁড়ি স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, দীর্ঘদিনের নিরাপত্তা সংকট থেকে মুক্তি পেতে স্থানীয় বাসিন্দারা দ্রুত ফাঁড়ির নির্মাণকাজ শুরু করে কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রস্তাবিত পুলিশ ফাঁড়িটি দ্রুত চালু করা গেলে বাহারছড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং অপহরণ ও মানবপাচারসহ সংঘটিত অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !