আর.জে রাফি, (নিজস্ব প্রতিবেদক) ::
কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার-ভালুকিয়া সড়কে অবস্থিত এসএম সুলতান আর্ট স্কুলের শিক্ষার্থীরা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল চৌধুরীর একটি প্রতিকৃতি (পোর্ট্রেট) এঁকে তাঁকে উপহার দিয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আর্ট স্কুলের শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে সোহেল চৌধুরীর ছবি অঙ্কন করে তাঁর হাতে তুলে দেয়। এ সময় শিক্ষার্থীদের শিল্পকর্ম ও ভালোবাসায় মুগ্ধ হয়ে তিনি তাদের প্রশংসা করেন।
উপহার গ্রহণের পর সোহেল চৌধুরী বলেন, “আমার নিজের একটি ছবি আর্ট করে আমাকে উপহার দিয়েছে। আমার প্রতি শিশুদের এই ভালোবাসা দেখে আমি সত্যি অনেক আনন্দিত। তোমাদের সবার জন্য আমার মনের গভীর থেকে আন্তরিক দোয়া, আদর ও শুভকামনা রইল।”
তিনি আরও বলেন, শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে শিল্প-সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে।
এ সময় আর্ট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্থানীয়রা শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা কামনা করেন।

