ডেস্ক রিপোর্ট ::
বাংলাদেশের মানুষের প্রতিদিনের রান্নায় ব্যবহৃত সয়াবিন তেলেই মিলেছে ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস-এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক এ তথ্য। গবেষণায় দেখা গেছে, বাজারে বিক্রি হওয়া খোলা সয়াবিন তেলে বোতলজাত তেলের তুলনায় অন্তত ১.২৪ গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এমন দূষিত তেল ব্যবহার করলে মানবদেহে নীরবে জমতে পারে প্লাস্টিক কণা, যা ভবিষ্যতে নানা জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে।
গবেষণাটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষকরা। এ জন্য ঢাকার তেজগাঁও, উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন সুপারশপ ও খোলা বাজার থেকে মোট ৬০টি সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করা হয়। পরে আধুনিক স্পেকট্রোস্কোপিক ও রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে নমুনাগুলো পরীক্ষা করা হয়।
পরীক্ষার ফলাফলে দেখা যায়, খোলা সয়াবিন তেলের প্রতি লিটারে গড়ে ৫৯ হাজার ৭৭৮টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। এর মধ্যে তেজগাঁও এলাকার খোলা তেলের নমুনায় দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। গবেষকদের ধারণা, শিল্পকারখানার ধুলাবালি, টেক্সটাইল ও প্লাস্টিক কারখানার নির্গমন এবং একই পাত্র বারবার ব্যবহার করে খোলা তেল সংরক্ষণের কারণে এই দূষণ বৃদ্ধি পাচ্ছে।
গবেষণায় তেলের নমুনায় ছয় ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত হয়েছে। এগুলো হলো—লো-ডেনসিটি পলিইথিলিন (এলডিপিই), হাই-ডেনসিটি পলিইথিলিন (এইচডিপিই), পলিপ্রোপিলিন (পিপি), পলিইথিলিন টেরেফথালেট (পিইটিই), পলিইউরেথেন (পিইউ) এবং নাইলন। গবেষকদের দাবি, ভোজ্যতেলে পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতি এই প্রথম বিশ্বের কোনো গবেষণায় শনাক্ত হলো, যা বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
বিশ্লেষণে আরও দেখা গেছে, শনাক্ত হওয়া প্লাস্টিক কণার ৮২.৫ শতাংশই ছিল আঁশ বা ফাইবারজাতীয়। এছাড়া ৫৬.২৯ শতাংশ কণা ছিল স্বচ্ছ রঙের এবং ৩৫.৮৪ শতাংশ কণার আকার ছিল ১০১ থেকে ৫০০ মাইক্রোমিটারের মধ্যে।
গবেষণায় মানবদেহে প্রতিদিন কত পরিমাণ মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করছে তারও একটি প্রাক্কলন তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতিদিন গড়ে ১৭.৬৫টি এবং বছরে প্রায় ৬ হাজার ৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করছে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। তাদের শরীরে প্রতিদিন গড়ে ৭৭.২১টি এবং বছরে প্রায় ২৮ হাজার ১৮০টি প্লাস্টিক কণা প্রবেশ করতে পারে। এমনকি একটি শিশু তার পুরো জীবনকালে প্রায় ২০ লাখ ৯০ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।
চিকিৎসাবিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা মানুষের পরিপাকতন্ত্রের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, দীর্ঘস্থায়ী প্রদাহ, কোষের ক্ষতি এবং বিপাকীয় জটিলতার কারণ হতে পারে। বিশেষ করে ১৩০ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণাগুলো সরাসরি রক্তপ্রবাহে প্রবেশ করতে সক্ষম, যা দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
গবেষণা দলের প্রধান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক বলেন, “মাইক্রোপ্লাস্টিক বর্তমানে একটি উদীয়মান দূষক। এটি মানবদেহের প্রজননতন্ত্র, হরমোন ও বিপাকীয় ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্লাস্টিক পুরোপুরি বাদ দেওয়া এখনই সম্ভব নয়, তবে প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।”
গবেষকরা খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে মানসম্মত ফিল্টার ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে তেল সংরক্ষণ এবং খোলা তেল বিক্রির ওপর কার্যকর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশে খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণের জন্য দ্রুত একটি জাতীয় নীতিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, এর আগেও পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)-এর এক গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট নমুনার মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। এতে স্পষ্ট হচ্ছে, শুধু ভোজ্যতেল নয়, দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন পণ্যেও মাইক্রোপ্লাস্টিক দূষণ এখন জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

