নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগে হারিয়ে যাওয়া আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
জেলা পুলিশ জানায়, নাগরিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসরণ করে কক্সবাজার জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখার নিরলস প্রচেষ্টায় আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এসব মোবাইল শনাক্ত ও উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মোবাইলগুলোর তালিকায় থাকা অনেক জিডিতে উল্লেখিত মোবাইল নম্বর বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ কারণে যেসব ব্যক্তি এখনো তাদের হারানো মোবাইল সংগ্রহ করেননি, তাদের আইএমইআই (IMEI) নম্বর মিলিয়ে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল ক্রয়ের রসিদ (ক্যাশ মেমো)সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আইসিটি শাখা, পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশ আরও জানিয়েছে, ভবিষ্যতেও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পুলিশের ভাষায়, “আপনাদের সন্তুষ্টিই আমাদের প্রেরণা।”

