মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে টানা অতিবৃষ্টি ও বন্যার কারণে উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যায় উপজেলার ৩ হাজার ২৯৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কৃষিখাতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে পৌরসভায় ৫ জন, হ্নীলা ইউনিয়নে ৬৯৪ জন, হোয়াইক্যং ইউনিয়নে ১ হাজার ৮০ জন, টেকনাফ সদর ইউনিয়নে ৬২৯ জন, সাবরাংয়ে ৩৯৬ জন, বাহারছড়ায় ৩৪৬ জন এবং সেন্ট মার্টিন ইউনিয়নে ১৪৫ জন কৃষক রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হোয়াইক্যং ইউনিয়নের কৃষকরা।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে আমনের বীজতলা, আউশ ধান, বিভিন্ন ধরনের শাক-সবজির ক্ষেত এবং পানের বরজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কৃষক তাদের পুরো মৌসুমের প্রস্তুতি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, বন্যায় ৬০ হেক্টর আমনের বীজতলা নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪২ লাখ টাকা। এছাড়া ১০ হেক্টর আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৪০ হেক্টর সবজি ক্ষেত নষ্ট হওয়ায় কৃষকদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। শসা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাকরোল, ঢেঁড়শসহ বিভিন্ন সবজি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, টানা বৃষ্টিতে ৩০ হেক্টর পানের বরজও ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের হিসাবে পানের বরজে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকারও বেশি। অনেক পানের বরজ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়ায় চাষিরা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন।
হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া এলাকার কৃষক মো. সেলিম বলেন, “বংশ পরম্পরায় আমরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। চলতি মৌসুমে ৪ একর জমিতে আমন চাষের জন্য ৩২০ কেজি ধানের বীজতলা তৈরি করেছিলাম। কিন্তু বন্যার পানিতে পুরো বীজতলা নষ্ট হয়ে গেছে।”
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, “আমনের বীজতলা নষ্ট হলেও নতুন করে বীজতলা তৈরির এখনো সময় রয়েছে। কৃষকদের দ্রুত পুনরায় বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি ও কৃষকের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার ঘোষণা রয়েছে। প্রণোদনা পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
কৃষি সংশ্লিষ্টরা জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে। তবে দ্রুত পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম শুরু হলে ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকরা অনেকটাই সহায়তা পাবেন।

