নিউজ ডেস্ক ::
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। ২০১৭ সালে শুরু হওয়া রোহিঙ্গা ঢল এখনও পুরোপুরি থামেনি। গত দেড় বছরেও প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের উদ্যোগে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি)-এর আওতায় চলতি বছরে ৭১০ মিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি মিলেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ কম। অথচ বাস্তবে গত বছরের প্রতিশ্রুত সহায়তারও প্রায় অর্ধেক পাওয়া গেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর বাংলাদেশের যোগাযোগ কর্মকর্তা শারি নিজমান বলেন, ২০১৭ সালের মতো এখনও অনেক রোহিঙ্গা নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসছেন। অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় ক্যাম্পে থাকা রোহিঙ্গারাও মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত প্রত্যাবাসনের সম্ভাবনা না থাকায় সংকট সমাধানে নতুন উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
বিশ্লেষকদের মতে, ২০১৭ সালের পর গাজা, সুদান ও ইউক্রেনের মতো বড় আন্তর্জাতিক সংকট সৃষ্টি হওয়ায় বৈশ্বিক সহায়তার অগ্রাধিকার সেদিকে চলে গেছে। ফলে রোহিঙ্গা সংকটে অর্থায়ন কমে এসেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় রোহিঙ্গাদের শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক সেবাগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পালনকালে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।
এদিকে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সহায়তা কমে যাওয়ায় অনেক রোহিঙ্গার দৈনিক খাদ্য ব্যয় অত্যন্ত সীমিত পর্যায়ে নেমে এসেছে। এতে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে। ক্ষুধা ও হতাশা বাড়লে তা নিরাপত্তা পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি সতর্ক করেন।
বর্তমানে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া, রোহিঙ্গা জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি এবং নতুন করে অনুপ্রবেশ অব্যাহত থাকায় সংকট আরও জটিল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে চীনের সহায়তায় দ্রুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

