শহিদুল ইসলাম রানা :
কক্সবাজারের রামু উপজেলায় ক্ষুদ্র তামাক চাষিদের টেকসই কৃষিতে রূপান্তরের মাধ্যমে জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায় একটি প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) রামুর হিমছড়ি কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও সম্ভাব্য সুফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। বিশেষ করে তামাক চাষের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও লাভজনক কৃষি কার্যক্রমে কৃষকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র তামাক চাষিদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি, টেকসই কৃষি সম্প্রসারণ এবং তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। এছাড়া কৃষকদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও বাজার সংযোগের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
কর্মশালায় স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা কৃষি খাতে বৈচিত্র্য আনা এবং তামাক নির্ভরতা কমিয়ে নিরাপদ ও টেকসই উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

