কক্সবাজারের চকরিয়ায় প্রথমবার আর্জেন্টিনা সমর্থকদের মহা শোভাযাত্রা ও শোডাউন

Ukhiyacox News
By -


 

চকরিয়া প্রতিনিধি:

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় প্রথমবারের মতো আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সম্প্রীতি, বন্ধুত্ব ও সৌহার্দ্যের বার্তাও দিয়েছেন সমর্থকেরা।

বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় মাতামুহুরি ব্রিজ এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চকরিয়া বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রাকে কেন্দ্র করে দুপুর থেকেই মাতামুহুরি ব্রিজ এলাকায় জড়ো হতে থাকেন আর্জেন্টিনা সমর্থকেরা। গায়ে সাদা-আকাশি জার্সি, হাতে জাতীয় পতাকা, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন শত শত সমর্থক। ব্যান্ডপার্টির সুর এবং ঢাক-ঢোলের তালে তালে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজক ও চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম বলেন, “আর্জেন্টিনার খেলার প্রতি ভালোবাসা থেকেই এ আয়োজন। আমরা চাই, সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা কেবল মাঠেই সীমাবদ্ধ থাকুক। খেলাধুলা মানুষের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করুক।”

আর্জেন্টিনা সমর্থক আনিসুল ইসলাম ফারুকী বলেন, “চকরিয়ায় এ ধরনের আয়োজন এই প্রথম। আমরা চেয়েছি সমর্থকদের এক প্ল্যাটফর্মে এনে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করতে।”

চকরিয়া উপজেলা এনসিপি নেতা ও আর্জেন্টিনা সমর্থক সাঈদ হাসান সাঈদ বলেন, “মাঠের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বাস্তবে আমরা সবাই বন্ধু। এই আয়োজনের মাধ্যমে সেই বার্তাই তুলে ধরতে চেয়েছি।”

বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে তর্ক-বিতর্ক, খুনসুটি ও শ্রেষ্ঠত্বের লড়াই। তবে চকরিয়ার এই আয়োজন ফুটবলকে ঘিরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্বকাপের অপেক্ষার প্রহর গুনতে গুনতে সমর্থকদের এমন মিলনমেলা ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !