কক্সবাজারে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নারী নিহত

Ukhiyacox News
By -


 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল নতুন সেতু সংলগ্ন এলাকায় ডাম্প ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সানজিদা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সানজিদা আক্তার খুরুশকুল প্রকল্প এলাকার কেউড়া ভবনের বাসিন্দা মোহাম্মদ আলীর স্ত্রী। আহতরা হলেন নিহতের ভাবি ইয়ারু বেগম (৩৮), ভাতিজি পারুল বেগম (১৪) এবং ইজিবাইকের চালক মো. আরাফাত (১৬)। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিবার সূত্রে জানা যায়, সানজিদা আক্তার তার ভাবি ও ভাতিজিকে নিয়ে চিকিৎসার জন্য কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। পথে খুরুশকুল নতুন সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি ছিটকে দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সানজিদা আক্তারের মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ইয়ারু বেগমের কোমর ও পা ভেঙে যায়। এছাড়া চালক আরাফাতের একটি পা ভেঙে গেছে এবং পারুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। 

দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ডাম্প ট্রাকটি লেন পরিবর্তন করলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাম্প ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !