নিজস্ব প্রতিনিধি ::
কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে উখিয়ার রেজুখাল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।
জানা যায়, শনিবার (২৭ জুন) বিকেলে ইনানী জেটি সংলগ্ন সৈকতে গোসল করতে নেমে সাগরের প্রবল স্রোতে তলিয়ে যান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ সায়েম। ঘটনার পরপরই বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
রবিবার সকালে ইনানী উপকূল থেকে কিছু দূরে রেজুখাল ব্রিজ এলাকায় একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে উদ্ধার করে পরিচয় নিশ্চিত করা হলে সেটি নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ বলে শনাক্ত হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমুদ্রে গোসলের সময় পর্যটকদের সতর্ক থাকার এবং লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

