উখিয়ার প্রশাসনিক ইতিহাসে দ্বিতীয় নারী ইউএনও পান্না আক্তার: প্রত্যাশা ও চ্যালেঞ্জ পাশাপাশি

Ukhiyacox News
By -


 

আর.জে রাফি, কক্সবাজার উখিয়া ::

উখিয়া উপজেলার ৪৩ বছরের প্রশাসনিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা পান্না আক্তার। তিনি গত ১৬ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

১৯৮৩ সালে উপজেলা প্রতিষ্ঠার পর টানা দ্বিতীয় নারী ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়াকে উখিয়ার প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এর আগে ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রিফাত আসমা উখিয়ার প্রথম নারী ইউএনও হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে তনি ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কর্মরত রয়েছেন।

গত ২ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত সিনিয়র সহকারী কমিশনার পান্না আক্তারকে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

উখিয়ায় যোগদানের আগে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা ও পৌর প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং রাজস্ব ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং চট্টগ্রাম জেলা প্রশাসনে বিভিন্ন পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগত জীবনে পান্না আক্তার দুই সন্তানের জননী। তাঁর স্বামী মো. রহমত উল্লাহ ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং বর্তমানে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সীমান্তবর্তী অবস্থান, রোহিঙ্গা আশ্রয়শিবির, আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মানবপাচার প্রতিরোধ, জলবায়ুজনিত ঝুঁকি এবং উন্নয়ন কার্যক্রমের কারণে উখিয়াকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক উপজেলা হিসেবে বিবেচনা করা হয়। এমন বাস্তবতায় দ্বিতীয় নারী ইউএনও হিসেবে পান্না আক্তারের দায়িত্ব গ্রহণকে নারী নেতৃত্বের অগ্রযাত্রার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

টাঙ্গাইলে জন্মগ্রহণকারী এ প্রশাসনিক কর্মকর্তার প্রতি স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ উখিয়ার প্রশাসনে নতুন গতি আনবে। তবে রোহিঙ্গা সংকটকেন্দ্রিক জটিল বাস্তবতা, সীমান্ত নিরাপত্তা ও উন্নয়ন ব্যবস্থাপনার মতো বিষয়গুলো তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই বিবেচিত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর কার্যকর ভূমিকার দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !