উখিয়া-টেকনাফে ইয়াবার তিন চালান জব্দ, ৫ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার আটক ১ যুবক

Ukhiyacox News
By -

 



 

নিজস্ব প্রতিবেদক :: 

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একদিনে ৫ লাখ ৬০ হাজার ১২ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৬ কোটি ৮৩ হাজার ৬০৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার সকালে বিজিবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী বালুখালী বিজিবি ক্যাম্পের আওতাধীন মাস্টারের ঘের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। আটক যুবক হলেন পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের ফজল করিমের ছেলে মোহাম্মদ আমিন (২০)। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে পালংখালী সীমান্তের গুইজার খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ইছাকের ঘের এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ২ লাখ ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !