ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের রামু উপজেলায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা খাদে উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক, এক যাত্রী ও মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় বিকেএসপির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার (৫০) রশিদনগর ইউনিয়নের থলিয়াঘোনা এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই খালেদা আক্তারের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুকান্ত চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

