নিউজ ডেস্ক ::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী । মূলত ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করতেই তাঁর এ সফর।
রবিবার (১০ মে) সকাল ১০টার দিকে প্রতিমন্ত্রী উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে তিনি ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় পরিচালিত কয়েকটি লার্নিং সেন্টার ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং পাঠদানের মান, শিক্ষার পরিবেশ ও বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “রোহিঙ্গা শিশুদের মানবিক দিক বিবেচনা করে শিক্ষার সুযোগ নিশ্চিত করা হচ্ছে। এখানকার লার্নিং সেন্টারগুলোতে মিয়ানমারের কারিকুলাম অনুযায়ী পাঠদান কেমন চলছে, তা আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। আমরা চাই, এই শিশুরা যখন নিজ দেশে ফিরবে, তখন যেন তারা শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।”
এসময় ক্যাম্পে কর্মরত আরআরআরসি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বৈঠকে প্রতিমন্ত্রী শিশুদের মানসিক বিকাশে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের ইতিবাচক পরিবেশে রাখতে হবে, যাতে তারা কোনো ধরনের বিপথে পরিচালিত না হয়
প্রতিন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রতিনিধিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উখিয়া সফর শেষে বিকেলে কক্সবাজার জেলা সদরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে বলে জানা গেছে।

