নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ও রাজাপালং ইউনিয়নকে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে গত ২৭ মার্চ কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি ডিও লেটার প্রদান করেন। তার সুপারিশের প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।
এদিকে, প্রস্তাবিত ইউনিয়ন গঠন ও পুনর্বিন্যাস বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা পাঠানোর জন্য উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এ সংক্রান্ত পত্র জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহে অনুলিপি পাঠানো হয়েছে।

