টেকনাফের সাবরাংয়ে জেটি হবে, পর্যটকেরা যেতে পারবেন সেন্ট মার্টিন

Ukhiyacox News
By -



ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ট্যুরিজম পার্ক এবং মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) দুটি জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সাবরাংয়ে নির্মিত জেটি ব্যবহার করে পর্যটকেরা সরাসরি সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করতে পারবেন। অন্যদিকে মিরসরাইয়ের জেটিটি এনএসইজেডে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবহৃত হবে।

জেটি দুটি নির্মাণ করবে সরকারি সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নির্মাণের পাশাপাশি আনুষঙ্গিক অবকাঠামো তৈরি ও পরিচালনার দায়িত্বও থাকবে সংস্থাটির ওপর।

এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বিআইডব্লিউটিএর মধ্যে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বেজা কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে বেজার পক্ষে নির্বাহী বোর্ডের সচিব ও যুগ্ম সচিব জুলিয়া মঈন এবং বিআইডব্লিউটিএর পক্ষে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলাম স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম, সালেহ আহমদ ও মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএর পক্ষে চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বেজার তথ্য অনুযায়ী, জেটি নির্মাণের জন্য ইতোমধ্যে মিরসরাইয়ের এনএসইজেডে ৬ দশমিক ১৮ একর এবং সাবরাং ট্যুরিজম পার্কে ৫ একর জমি নির্ধারণ করা হয়েছে। প্রকল্প থেকে অর্জিত নিট মুনাফা বেজা ও বিআইডব্লিউটিএ ৪৫:৫৫ অনুপাতে ভাগ করে নেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী সদস্য মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম। তিনি বলেন, এই চুক্তি দেশের অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বিনিয়োগকারীদের সুবিধা বৃদ্ধি এবং এনএসইজেডকে একটি স্বয়ংসম্পূর্ণ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে জেটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেজার নির্বাহী সদস্য সালেহ আহমদ বলেন, নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও সাবরাং ট্যুরিজম পার্কে পর্যটন খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেখানে জেটি নির্মাণ হলে নতুন নতুন পর্যটন স্থাপনা গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে।

অন্যদিকে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থাপনায় পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংস্থাটি এই প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে চায়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !