৫ম বারের মতো এমপি শাহজাহান চৌধুরী মন্ত্রিসভা ও চিফ হুইপ পদে জোর আলোচনা

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

রুদ্ধশ্বাস নির্বাচনী লড়াই শেষে কক্সবাজার-৪ আসন থেকে পঞ্চমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি শাহজাহান চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক প্রভাব এবং অতীত সংসদীয় দায়িত্বপালনের প্রেক্ষাপটে নতুন সরকারে তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা জোরালোভাবে আলোচিত হচ্ছে।

১৯৭৮ সালে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। পরের বছর ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। এরপর বিভিন্ন সময়ে মোট ৯ বার সংসদ নির্বাচনে অংশ নিয়ে ১৯৯১, ১৯৯৬ (ষষ্ঠ), ২০০১ এবং সর্বশেষ ২০২৬ সালে বিজয় অর্জন করেন।

সংসদীয় জীবনে তিনি হুইপ হিসেবে দায়িত্ব পালনসহ একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য ও চেয়ারম্যান ছিলেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা-সংক্রান্ত সর্বদলীয় সংসদীয় কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে তাঁর সক্রিয় ভূমিকা রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে উল্লেখযোগ্য।

নির্বাচন-পরবর্তী সময়ে উখিয়া-টেকনাফসহ বৃহত্তর কক্সবাজার জেলায় দলীয় নেতাকর্মীদের আলোচনায় উঠে এসেছে—তিনি মন্ত্রিসভায় স্থান পেতে পারেন; বিশেষ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। এ প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ পূর্বেই নির্বাচনী জনসভায় তাঁর মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছিলেন।

চট্টগ্রাম বিভাগে বিএনপির নিরংকুশ সাফল্য এবং শাহজাহান চৌধুরীর জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা ও পূর্ব হুইপ হিসেবে দায়িত্ব পালনের নজির বিবেচনায় তাঁকে মন্ত্রিসভা কিংবা জাতীয় সংসদের চিফ হুইপ পদে দেখা যেতে পারে—এমনটাই ধারণা সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !