নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ কোস্ট গার্ড সাগরপথে মানবপাচার রোধে বিশেষ অভিযানে টেকনাফ উপকূল থেকে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার এবং পাচারচক্রের ৫ সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বাহারছড়া এলাকার কচ্ছপিয়া-সংলগ্ন সমুদ্রসীমায় এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ চক্রটি ভুক্তভোগীদের অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনটি দল সমন্বিত অভিযান শুরু করে। অভিযানের সময় একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে; পরবর্তীতে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়।
তল্লাশিকালে ট্রলার থেকে পাচারকালে আটক ব্যক্তিদের উদ্ধার করা হয় এবং জড়িত দালালদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশে উচ্চ বেতনের চাকরি, স্বল্প ব্যয়ে যাত্রা এবং উন্নত জীবনযাপনের মিথ্যা আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলসহ শরণার্থী জনগোষ্ঠীর লোকজনকে প্রলুব্ধ করা হচ্ছিল।
উদ্ধারকৃতদের আইনি সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উপকূলীয় এলাকায় এমন অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

