উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫ শেল্টার পুড়ে ছাই, নিহত ১

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প-১১ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৫টি শেল্টার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সোনা বাণু (৮৬) নামে এক বৃদ্ধা রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ৮ এপিবিএন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১১ এর ই/৫ ও ই/১৪ ব্লকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক শেল্টার দাউদাউ করে জ্বলতে থাকে। ঘনবসতিপূর্ণ ক্যাম্প এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে।

প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রায় ৪৫টি শেল্টার সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে সোনা বাণু (৮৬), স্বামী মৃত আকবর, এফসিএন নং ১২৩০৫১, ব্লক-ই/১৪, গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় রোহিঙ্গাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ধারণা করা হচ্ছে, ক্যাম্প-১১ এর ই/১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ ও সহায়তা প্রদানের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !