নিজস্ব প্রতিবেদন :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উখিয়া–টেকনাফ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটের পক্ষে এক পূর্বনির্ধারিত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সাংবাদিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন সাঈদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাঈদ স্বাধীন, টেকনাফ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সায়েম সিকদার, উখিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক আকতার হোসাইন, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, টেকনাফ ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ আল বাবু, উখিয়া উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নুরুল জাবেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক হোসেন, প্রচার সম্পাদক রফিক উদ্দিনসহ আরও নেতৃবৃন্দ। এছাড়া উখিয়া–টেকনাফ আসনে এনসিপি কেন্দ্রীয় কমিটির মনোনীত ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও জেলা কমিটির দপ্তর সম্পাদক মুহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত উখিয়া ও টেকনাফ উপজেলাজুড়ে টানা দুই দিনব্যাপী গণভোটের পক্ষে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। এই ক্যাম্পেইন বাস্তবায়নের বিষয়ে ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া থানার অফিসার ইনচার্জকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। পাশাপাশি অবহিতকরণের অনুমোদিত অনুলিপি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়।
এ সময় আরও জানানো হয়, উখিয়া উপজেলায় ক্যাম্পেইনের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন উখিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক আকতার হোসাইন এবং টেকনাফ উপজেলায় সমন্বয় করবেন টেকনাফ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সায়েম সিকদার।
বক্তারা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বিশ্বাসী জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা গণভোটকে জনগণের মতামত প্রকাশের একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে সর্বস্তরের জনগণকে ক্যাম্পেইনে অংশগ্রহণের আহ্বান জানান।
একই সঙ্গে উখিয়া ও টেকনাফ উপজেলায় নির্ধারিত ক্যাম্পেইন কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে গণমাধ্যমকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

