আর.জে রাফি কক্সবাজার উখিয়া
কক্সবাজারের উখিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে চার ব্যক্তিকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা-এর নেতৃত্বে প্রথমে কুতুপালং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা তদারকি ও বাজার মনিটরিং করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
পরবর্তীতে বিকেলে পালংখালী এলাকায় অবৈধ পাহাড় কাটা ও মাটি পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কৃষি, মৎস্য ও প্রকল্প বাস্তবায়ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, আসন্ন রমজানকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

