উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ আগুন

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লাগে।

স্থানীয় সূত্র ও ফায়ারসার্ভিস জানায়, ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়তে শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, “খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে সর্বাত্মক তৎপরতা অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, এর আগেও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৬ ডিসেম্বর সকালে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একটি হাসপাতাল পুড়ে যায়। এরও আগে ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আগুনে অন্তত দশটির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

সাম্প্রতিক এসব ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !