নিজস্ব প্রতিবেদক :
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারকে রক্ষা ও আন্তর্জাতিক পর্যটনের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে শনিবার (১০ জানুয়ারি) সকালে সৈকতে একটি ব্যাপক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পরিবেশ ও জনস্বার্থভিত্তিক বেসরকারি সংস্থা ইপসার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসার প্রধান নির্বাহী পরিচালক ড. আরিফুর রহমান এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান। এছাড়া ট্যুরিস্ট পুলিশ, বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং কক্সবাজার জেলার ১২টি যুব নেতৃত্বাধীন সংগঠনের বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক, পরিবেশগত ও আন্তর্জাতিক ভাবমূর্তির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। অপরিকল্পিত পর্যটন, বর্জ্য দূষণ ও জনসচেতনতার অভাব এই সম্পদকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। তাই সরকার, স্থানীয় প্রশাসন, পর্যটক এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া সৈকত রক্ষা সম্ভব নয়।
পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সৈকতের বিভিন্ন অংশ থেকে প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হয় এবং পর্যটকদের মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের মাধ্যমে কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই পর্যটন নগরীতে রূপান্তর করাই তাদের লক্ষ্য।

