পাহাড়ে স্বপ্নের ফলন বরই চাষে ভাগ্য বদলাল উখিয়ার ইসমাইল

Ukhiyacox News
By -



উখিয়া  প্রতিনিধি —  রেজাউল করিম 

কক্সবাজারের উখিয়া উপজেলার রেজু আমতলী সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এবার ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে বরই চাষ। পাহাড়ের ঢালে গড়ে ওঠা সবুজ বাগানে থোকায় থোকায় ঝুলছে পাকা বরই। এই সফলতার নেপথ্যে রয়েছেন এক সময়ের বেকার যুবক ইসমাইল হুজুর, যিনি আজ নিজ উদ্যোগে স্বাবলম্বী হয়ে উঠেছেন।

ইসমাইল হুজুর জানান, মাদ্রাসায় পড়াশোনা শেষ করার পর দীর্ঘদিন কর্মহীন ছিলেন তিনি। বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করেও আশানুরূপ কিছু না পেয়ে হতাশ হয়ে পড়েন। তখনই সিদ্ধান্ত নেন কৃষিকাজে যুক্ত হওয়ার। প্রায় পাঁচ বছর আগে ঝুঁকি নিয়ে পাহাড়ি এলাকায় ১০ কানি জমিতে বরই বাগান গড়ে তোলেন তিনি।

শুরুর বছরগুলোতে তেমন লাভ না হলেও ধৈর্য আর পরিশ্রমে হাল ছাড়েননি ইসমাইল। নিয়মিত পরিচর্যা, সঠিক সময়ে সার প্রয়োগ ও আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যান তিনি। গত বছরের শেষদিকে বাবাকে সঙ্গে নিয়ে ওমরা পালন শেষে দেশে ফিরে এসে নিজের বাগানে যে দৃশ্য দেখেন, তা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বরইয়ের ভারে গাছের ডাল নুয়ে পড়ে, কোথাও ফল মাটিতে ছুঁই ছুঁই।

ইসমাইল বলেন, “এটা আল্লাহর বিশেষ রহমত আর বাবা-মায়ের দোয়ার ফল। এমন ফলন আগে কখনো কল্পনাও করিনি।” বর্তমানে প্রতিদিন সকাল ও বিকেলে তিনজন শ্রমিক শুধু বরই বিক্রির কাজেই ব্যস্ত থাকেন। বাগান থেকেই প্রতি কেজি বরই ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। দূরদূরান্ত থেকে ক্রেতারা সরাসরি বাগানে এসে বরই কিনছেন।

বাগানে আসা ক্রেতারা জানান, এখানকার বরই অত্যন্ত মিষ্টি ও টাটকা। বাগান মালিক নিজ হাতে গাছ থেকে বরই পেড়ে খাওয়ার সুযোগ করে দেন, সঙ্গে থাকে কাঁচা মরিচ ও আপ্যায়ন। পাহাড়ঘেরা পরিবেশে এমন আতিথেয়তা ক্রেতাদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

স্থানীয়দের মতে, ইসমাইল হুজুরের এই সাফল্য উখিয়ার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পরিকল্পিতভাবে কৃষিকাজে মনোযোগ দিলে পাহাড়ি এলাকাতেও যে সফল হওয়া যায়, তার বাস্তব প্রমাণ এই বরই বাগান।

ইসমাইল হুজুরের গল্প শুধু ব্যক্তিগত সাফল্যের নয়; এটি ধৈর্য, বিশ্বাস ও কঠোর পরিশ্রমের এক জীবন্ত উদাহরণ—যা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে অসংখ্য বেকার তরুণকে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !