উখিয়া প্রতিনিধি: রেজাউল করিম
উখিয়া উপজেলার ব্যস্ততম এলাকা কোটবাজার স্টেশনে মার্সেল কোম্পানির একটি বিজ্ঞাপন সাইনবোর্ড জনসাধারণের চলাচলের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। অতিরিক্ত নিচু উচ্চতায় স্থাপিত সাইনবোর্ডটির কারণে প্রতিনিয়ত পথচারীরা আঘাতপ্রাপ্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে আপত্তি জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
আজ রবিবার ৩ টায় দুপুরে ওই বিপজ্জনক সাইনবোর্ডের আঘাতে Current News 24 চ্যানেলের সম্পাদক আব্দুল্লাহ আল জুবাইর গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাভাবিকভাবে পথচারী হিসেবে স্টেশন এলাকা দিয়ে চলাচলের সময় হঠাৎ করে সাইনবোর্ডটির লোহার অংশ তাঁর মাথায় আঘাত হানে। এতে তাঁর মাথা ফেটে রক্তপাত শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
ঘটনার পর কোটবাজার স্টেশন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাইনবোর্ডটি এতটাই নিচে স্থাপন করা হয়েছে যে, স্বাভাবিক উচ্চতার মানুষও মাথা না ঝুঁকিয়ে চলাচল করতে পারেন না। রাতের বেলা কিংবা ব্যস্ত সময়ে এটি আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। শিশু, বয়স্ক ও অসচেতন পথচারীদের জন্য এটি যেন এক নীরব মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানটির নজরে আনা হলেও মার্সেল কোম্পানির পক্ষ থেকে কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কেউই কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে আজকের এই দুর্ঘটনা অনিবার্য হয়ে উঠেছে বলে তারা মনে করছেন।
এ ঘটনায় এলাকাবাসী ও সচেতন মহল মার্সেল কোম্পানির প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে অনতিবিলম্বে ওই সাইনবোর্ড অপসারণ অথবা নিরাপদ উচ্চতায় পুনঃস্থাপনের জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে আর কোনো পথচারী এমন দুর্ঘটনার শিকার না হন।
কোটবাজার স্টেশন যেহেতু উখিয়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র, তাই এখানে যেকোনো অবহেলা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তারা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন।

